কঠোর বিধি-নিষেধেও লাগাম টানা যাচ্ছে না যশোরের করোনা পরিস্থিতি।
যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.২৭ শতাংশ।
এ সময়ে করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে দুইজন মারা গেছেন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। যশোর ও অভয়নগর পৌরসভার সঙ্গে যশোর সদরের চাঁচড়া, উপশহর, আরববপুর, নওয়াপাড়া ইউনিয়নসহ বেনাপোল, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে এই বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে।
বুধবার থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে গণপরিবহন বন্ধ থাকবে। কাঁচাবাজার, ফুল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসন তৎপর আছে। সার্বক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
