নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরির অপরাধে ২ জনকে সাজা

আপডেট : ১৬ জুন ২০২১, ০৫:২৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ভেজাল-নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরির অবৈধ কারখানায় র‌্যাবের অভিযানে আব্দুল মান্নান (৪৮) ও ফোরকান মাহমুদ (২৩) নামে দু’জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

আটক মো. আব্দুল মান্নান উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী গ্রামের এবং ফোরকান মাহমুদ নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাকার তপবন গ্রামের বাসিন্দা। আটকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ এর ৪১ ধারা অনুযায়ী একজনকে এক বছর ও অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স আলম অ্যান্ড কোম্পানি’ নামের ভেজাল-নকল জ্বালানি তেল ও বিটুমিন তৈরির এ কারখানা সিলগালা করা হয়। এসময় কারখানায় কর্মরত মান্নান ও ফোরকানকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল হান্নান আবাসিক এলাকায় অবস্থিত এ কারখানায় অবৈধ উপায়ে পুরাতন মবিল, ব্লিচিং পাউডার ও সালফিউরিক এসিড দ্বারা পরিশোধন করে নকল ও ভেজাল ডিজেল, মবিল উৎপাদন করে বাজারজাত করতো। মবিল পরিশোধনের বর্জ্য নকল বিটুমিন হিসেবে অসাধু ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করত। এ ছাড়া মহাসড়কে চলমান লরি, কন্টেনারসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে কমদামে চোরাই জ্বালানি তেল কিনে গুদামজাত করে খুচরা বিক্রেতাদের কাছে বেশি মুনাফায় বিক্রি করে আসছিল।

তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরির কারখানা সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরি করে আসছিলো একটি অসাধু চক্র। এ ঘটনায় দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। কারখানার মালিক আব্দুল হান্নান পলাতক রয়েছে। তাকে আটক করার জন্য র‌্যাব তৎপর রয়েছে’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক বলেন, ‘মেসার্স আলম অ্যান্ড কোম্পানি’ নামে একটি অবৈধ জ্বালানি তেল কারখানা সিলগালা করা হয়। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে তাদের জেলহাজতে পেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত