চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার দুপুরে ওই কিশোরকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
ধর্ষণের শিকার শিশুটির পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে শিশুটির মা দুই সন্তানকে নিয়ে উপবৃত্তির টাকার জন্য স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে যান। ওই সময় শিশুটিকে বাসায় একা পেয়ে পাশের বাড়ির অভিযুক্ত কিশোর বাসায় ঢুকে ধর্ষণ করে।
রাতে শিশুটি কান্নাকাটি করে তার মাকে ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। চেয়ারম্যান আটক কিশোরকে বুধবার দুপুরে থানায় সোপর্দ করেন।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
