এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ খেলতে হচ্ছে না বাংলাদেশকে। সরাসরি বাছাইপর্বের খেলবেন জামাল ভূঁইয়ারা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ মঙ্গলবার রাতে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শেষ করে। ৮ ম্যাচে ৬ হার আর ২ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২।
গ্রুপের তলানিতে থাকা সত্ত্বেও এশিয়ান কাপ বাছাইপর্বের চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশে।
কোয়াালিফাইয়ার্সের জন্য গড়া বাছাইকৃতদের তালিকায় শেষ দল হিসেবে ৩৫তম অবস্থানে রয়েছে লাল সবুজ জার্সির দলটি। বাছাইপর্বের রাউন্ড-২ তে বাংলাদেশ তৃতীয় সেরা পঞ্চম দল হিসেবে চূড়ান্ত বাছাইয়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
প্রাথমিক বাছাইপর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে রাউন্ড-২ এর সেরা ১৩টি দল সরাসরি অংশ নিতে পারবে ২০২৩ এশিয়ান কাপে। আর ১৪ থেকে ৩৫তম স্থানের দলগুলো সরাসরি অংশ নিতে পারবে চূড়ান্ত বাছাইপর্বে। তলানিতে থাকা ৩৬ থেকে ৩৯তম স্থানের দলগুলোর প্লে অফ ম্যাচ খেলতে হবে। সেখান থেকে দুটি দল খেলতে পারবে চূড়ান্ত বাছাইপর্বে।
সর্বমোট ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের এই চূড়ান্ত বাছাইপর্ব। ওই তালিকায় স্থান পাওয়ায় বাংলাদেশ আরো ছয়টি ম্যাচ খেলার সুযোগ লাভ করল।
