শহরে লকডাউনের সপ্তম দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৭ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত হয়ে মৃতদের মধ্যে একজনের বাড়ি রাজশাহী, একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নওগাঁয়। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, একজন নাটোরের।
গত ১ জুন থেকে ১৭ জুন সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৭১ জন। এর মধ্যে ৯৬ জন মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
আজ করোনা ইউনিটে মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ ৭ জন আর নারী ৩ জন। পুরুষদের মধ্যে ৬১ বছরের ঊর্ধ্বে বয়সী মারা গেছেন ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ২ জন। মৃত ৩ জন নারীর মধ্যে ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩০৯ বেডের বিপরীতে বৃহস্পতিবার সকালে রোগী ভর্তি আছেন ৩৫৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৬৪ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১৫৮ জনের। এখানকার আইসিইউ এর ২০টি বেডের সব কটিতেই রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ২৬, চাঁপাইনবাবগঞ্জের ৭ নাটোর ৪ ও নওগাঁর ৪ জন, মেহেরপুরের ২ এবং চুয়াডাঙ্গার একজন। ২৪ ঘণ্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩৩ রোগী।
এদিকে, করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় রাজশাহীর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ মধ্য রাতে এক সপ্তাহের লকডাউন শেষ হওয়ার কথা ছিল।
তবে বুধবার রাতে জেলা প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করে আরও ৭দিনের লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়।
