এরিকসেনের বুকে আইসিডি বসানোর সিদ্ধান্ত

আপডেট : ১৭ জুন ২০২১, ০৮:৪২ পিএম

ক্রিশ্চিয়ান এরিকসেনের বুকে আইসিডি বা হার্ট স্টার্টার ডিভাইস বসানোর সিদ্ধান্ত হয়েছে। ডেনমার্ক টিম ডাক্তার মর্টেন বোয়েসেন এই তথ্য জানিয়েছেন।

এরিকসেনের বেশ কিছু ডাক্তারি পরীক্ষার পর আইসিডি বা হার্ট স্টার্টার বসানোর সিদ্ধান্তে পৌঁছান চিকিৎসকেরা। ডা. বোয়েসন বলেন, ‘হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে এইরকম যন্ত্রের দরকার পড়ে। যাতে হৃদ্‌যন্ত্রের ছন্দ ব্যাহত না হয়। এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন এরিকসেন।’

২৯ বছর বয়সী ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন গত শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হার্ট অ্যাটাকের শিকার হন। খেলা চলাকালে মাঠেই মুখ থুবড়ে পড়েন তিনি। নিতে হয় হাসপাতালে। আপাতত সেখানেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন ইন্তার মিলান তারকা।

তার বুকে আইসিডি বসানোর সিদ্ধান্ত নিয়ে ডা. বোয়েসন আরো বলেন, ‘হঠাৎ করে হৃদ্‌রোগে আক্রান্ত হলে আইসিডি বসানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এরিকসেনের ক্ষেত্রেও তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে এই পথই বেছে নেওয়া হয়েছে। এই সময় এরিকসেন ও তার পরিবারের পাশে সবাই থাকুন, এই প্রত্যাশাই করব।’

এরিকসেনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ ডেনমার্কের ফুটবল ফেডারেশন। তাই যাবতীয় শারীরিক পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চাইছে তারা। দ্রুত আইসিডি বসানোর কাজও সেরে ফেলা হবে জানানো হয়েছে।

এদিকে এরিকসেন আর ফুটবল মাঠে ফিরতে পারবেন কি-না এই প্রশ্নও জোরালো হয়ে উঠছে। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে এরিকসেনের ফুটবল মাঠে ফেরা নিয়ে শঙ্কা থাকছেই। আপাতত কেউই এ সব নিয়ে ভাবছেন না। সবাই চাইছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন এরিকসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত