বিএসএমএমইউ

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ উপাচার্যের

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণের পর গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় করোনার রোগী এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসাসেবার মান বৃদ্ধির চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণায় অধিক গুরুত্ব দেওয়ার জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন ঢাকাসহ শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে সপ্তাহ এক দিন নিজ এলাকায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা প্রয়োজন।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ যেসব চিকিৎসকের গ্রামের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তারা সেখানে গিয়ে নিজ এলাকার রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসাসেবা প্রদান করতে পারেন। যেসব চিকিৎসকের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তারা নিজ নিজ এলাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত