পল্লবীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৮ জুন ২০২১, ০৬:১৭ এএম

রাজধানীর পল্লবী থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গত বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. দেলোয়ার হোসেন ওরফে পল্টু (৩৫), কাউসার হোসেন (১৮), নিয়াজ মাহমুদ জুবায়ের (১৮), আসিফ হোসেন (১৮), মো. আরিফ (১৮), মো. মেহেদী হাসান (১৮), সুজন শেখ (১৯) ও শাহরিয়ার সজীব (১৮)।

র‌্যাবের দাবি, তারা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাদের কাছ থেকে ৭টি ছুরি, ১টি খুর উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, এই কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপ’-এর সদস্য হিসেবে। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।

রক কিং গ্যাংয়ের ৫ সদস্য রিমান্ডে : রাজধানীর শনির আখড়া থেকে গ্রেপ্তার রক কিং গ্যাংয়ের পাঁচ সদস্যের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের ভার্চুয়াল আদালত আসামি নাজমুল হাসান ওরফে সৈকত, আজাহারুল ইসলাম ওরফে দোলন, অন্তর হোসেন মোল্লা, ইমন আহম্মেদ শুভ এবং সুমন মিয়া প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির হোসেন আসামিদের মাদক মামলায় গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত এই দিন ১৭ জুন বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করে।

গত বুধবার একই থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতির মামলায় আদালত তাদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায়। গত সোমবার মধ্যরাতে র‌্যাব-৩ এর একটি দল এ অভিযান চালিয়ে আসামিদের আটক করে।

র‌্যাব জানায়, র‌্যাব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর তাদের আটক করে। তারা মাদক কেনাবেচা ও সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাত এবং যাত্রাবাড়ী ও শনির আখড়ায় রাস্তায় গাড়ি থামিয়ে মাস্তানিসহ নানা অপরাধ করে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত