কেন নিষিদ্ধ হলো সাজ্জাদ খানের ‘সাহস’

আপডেট : ১৮ জুন ২০২১, ০৭:১৬ পিএম

সম্প্রতি সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে সাজ্জাদ খান পরিচালিত ‘সাহস’ সিনেমা। গত বৃহস্পতিবার সেন্সর বোর্ড পরিচালক বরাবর চিঠি পাঠিয়ে জানিয়েছে চলচ্চিত্রটি প্রদর্শনের অযোগ্য। কারণ হিসেবে অশ্লীল শব্দ প্রয়োগসহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে।

 সেন্সর বোর্ডের সচিব মো. মোমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘সাহস ছবিতে প্রচুর অশ্লীল সংলাপ রয়েছে। এটা সংশোধন করতে দিলে সিনেমায় আর তেমন কিছু থাকে না। তাই এটিকে অপ্রদর্শনের যোগ্য বলে ঘোষণা করা হয়েছে।’

‘সাহস’ ছবির পরিচালক সাজ্জাদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘যে অভিযোগগুলো আনা হয়েছে তা হাস্যকর। আমি ধর্ষণবিরোধী একটা গল্প বলার চেষ্টা করেছি। শুনেছি আমার সিনেমায় নাকি দেশ বিরোধী চেতনা দেখানো হয়েছে। এর জবাবে আমি বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে কথা বলা যদি দেশবিরোধী হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নেই। আর গল্পের প্রয়োজনে কিছু গালি ব্যবহার করা হয়েছে। এটা নতুন নয়, অসংখ্য বাংলা সিনেমা রয়েছে যেগুলোতে প্রচুর গালিগালাজ রয়েছে। সেইসব ছবি যদি সেন্সর পেয়ে থাকে তাহলে আমারটা সেন্সর দিতে সমস্যা কোথায়।’

এদিকে আপিল করবেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি পরিচালক। গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। পুরো সিনেমার দৃশ্যধারণ করা হয় বাগেরহাটে।

চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত অভিনেত্রী অর্ষা, বিকল্পধারার চলচ্চিত্রের মেধাবী অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান। এছাড়াও থিয়েটার রেপার্টোরি   বাগেরহাট এর একঝাক শিল্পী এই ছবিতে অভিনয় করছেন। স্থানীয় থিয়েটার এসব শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুণ শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করছেন৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত