নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গুলিবিদ্ধ মাধবদী পৌরসভার কাউন্সিলর জাকারিয়ার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।
অন্যদিকে মাধবদী পৌরসভার মেয়রের পক্ষে মোজাম্মেল হোসেন বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল শুক্রবার সকালে মাধবদী থানায় ওই দুটি মামলা হয়।
এর আগে গত ১৬ জুন রাতে আওয়ামী লীগের সভায় পৌর মেয়রকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংগঠনের দুপক্ষের সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হন জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)। এছাড়া আরও তিনজন আহত হন। মাধবদী থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, গতকাল সকালে দুপক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।
