রাজধানীর কদমতলীতে বাবা-মা-মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২১, ০৩:০৬ পিএম

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই পরিবারের শিশুসহ আরও দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডের এ ঘটনায় আরেক মেয়েকে আটক করা হয়েছে।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল (২১)।

হাসপাতালে ভর্তি দুজন হলেন- মাসুদ রানার আরেক মেয়ে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাদের পাঁচ বছরের মেয়ে মার্জান তাবাসসুম।

হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল বলেন, শুক্রবার রাতে তিনি স্ত্রী ও সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পরে তার স্ত্রী মেহজাবিন সবাইকে চা দেন। চা খাওয়ার পরে তার আর কিছু মনে নেই। ওই চা তার শ্বশুর-শাশুড়িও খেয়েছেন।

তিনি আরও বলেন, তার স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ির কারও সম্পর্ক ভালো না। প্রায়ই তাদের মধ্যে কলহ চলতো।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, ‘গৃহকর্তা মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমী ও কন্যা জান্নাতুলকে আমরা বাসার ভেতর মৃত অবস্থায় পাই।’

মেহজাবিনকে গ্রেপ্তারের কথা জানালেও এ বিষয়ে তাৎক্ষণিক আর কিছু বলতে চাননি ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত