করোনাকালে গাড়ি নিয়ে মানুষের পাশে দুই ভারতীয় নারী

আপডেট : ২০ জুন ২০২১, ০২:৫২ পিএম

ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির ভেতর গাড়ি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন দুই নারী। একজন শম্পা নন্দী আরেকজনের নাম টগরী শীল।

ডয়চে ভেলে লিখেছে, কলকাতা শহরের বুকে পিঙ্ক ট্যাক্সি চালান বিজয়গড়ের শম্পা নন্দী। কভিডের অনেক আগেই তার গাড়ির যাত্রা শুরু হয়েছিল। কভিডের সময় শহর কলকাতায় অন্য রূপে হাজির হন তিনি। পিপিই পরে তিনি প্রথম ঢেউ থেকেই আক্রান্তদের ট্যাক্সি পরিষেবা দিয়েছেন।

ভয় করেনি? ডিডব্লিউকে তিনি বলেন, ‘যেদিন প্রথম বলা হয়েছিল কভিড ডিউটি করতে, আমি রাজি হয়ে গিয়েছিলাম। কোনো ভয় বা নার্ভাস লাগেনি। মানুষের দরকার, মানুষের পাশে দাঁড়াব। তাই আমি আর কিছু ভাবিনি।’

কভিড ডিউটি করে মেয়ের রান্না থেকে সংসারের যাবতীয় তাকেই দেখতে হয়। কখনো রান্না করতে করতে কভিড রোগীর অনুরোধ এলে তাকে সব ফেলে বেরোতে হয়। তখন রান্না করা হয় না। প্রতিবেশী আর মেয়ে সামলে নেন সবকিছু।

বয়সে ছোট হলেও নবম শ্রেণীর ছাত্রী অনন্য কুন্ডু বোঝে তার মায়ের দায়িত্ব। তাই মায়ের জন্য সে গর্বিত।

অন্যদিকে ট্যাংরার বাসিন্দা টগরী শীল গাড়ি চালাচ্ছেন মাত্র সাত-আট মাস। তার মধ্যেই কভিড রোগীদের বাহন চালানোর গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন। জরুরি পরিষেবার কাজের সূত্রে যখনই ফোন আসে, বেরিয়ে পড়েন। এভাবেই রোজ অসহায় মানুষকে তার গাড়ি করেই পৌঁছে দিচ্ছেন হাসপাতালের দরজায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত