দেশে ফাইজার-বায়োএনটেকের টিকাদান শুরু হয়েছে। পরীক্ষামূলক প্রয়োগের (ফার্স্ট-রান) মাধ্যমে সোমবার এই টিকাদান শুরু হয়।
প্রাথমিক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হচ্ছে।
প্রতিদিন ১২০ জনকে টিকা দেওয়া হবে। সেক্ষেত্রে যারা আগে থেকে নিবন্ধন করেছিলেন, কিন্তু টিকা দিতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকা দেওয়ার পর এক সপ্তাহ টিকা গ্রহীতাদের ওপর টিকার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। এরপর মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সেকেন্ড-রান বা গণটিকা প্রদান শুরু হবে।
যিনি প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবেন, তাকে দ্বিতীয় ডোজ হিসেবেও সেটাই দেওয়া হবে।
জুনের শুরুতে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি কোভ্যাক্সের ১ লাখ ৬২০ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এত কম তাপমাত্রায় টিকা সংরক্ষণের হিমাগার ঢাকার বাইরে নেই, সে কারণে শুধু ঢাকাতেই এ টিকা দেওয়া হবে।
