রোমাঞ্চকর ম্যাচে মাহমুদউল্লাহদের হারালেন মুশফিকেরা

আপডেট : ২১ জুন ২০২১, ১০:৩৩ পিএম

১৩০ রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্স। যদিও রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ হাসি মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন আবাহনী লিমিটেডের।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের ম্যাচটি গড়ায় শেষ ওভারে। আবাহনী ১৩১ রানের লক্ষ্য ছুঁয়েছে মাত্র ১ বল ও ১ উইকেট হাতে রেখে।

এই জয়ের সুবাদে সুপার লিগে টানা দুই জয় পেল আবাহনী। সব মিলে ১৩ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।

আগের দিন মোহামেডানকে ৬০ রানে হারিয়ে সুপার লিগ পর্ব শুরু করে আবাহনী। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গাজী গ্রুপের ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ায়। মঙ্গলবার মিরপুরে নতুন করে হবে ম্যাচটি।

তারকা সমৃদ্ধ গাজী গ্রুপের বিপক্ষে এদিন জয়ের জন্য শেষ ওভারে আবাহনীর প্রয়োজন পড়ে ৯ রানের। হাতে তখন উইকেট বাকি ২টি। নাসুম আহমেদের করা ওভারের প্রথম দুই বলে ৫ রান তুলে আকাশি-নীলরা। তবে দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকানো মেহেদী হাসান রানা তৃতীয় বলে রান আউট হয়ে ফেরেন। তাতে জমে ওঠে ম্যাচ।

চতুর্থ বলে আরাফাত সানি সিঙ্গেল নেন। পঞ্চম বলে তানজিম হাসান সাকিব ২ রান নিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন।

এর আগে আবাহনীকে পথে রাখার কাজটা করেন নাজমুল হোসেন শান্ত। অন্যদের আসা যাওয়ার মাঝে ৪৯ বলে ৫৮ রানের ইনিংসে খেলেন এই ওপেনার। ফেরেন ১৯তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে। এ ছাড়া লিটন দাস ২২, মুশফিকুর রহিম ১২, আফিফ হোসেন ১৪ রান করেন।

গাজী গ্রুপের পক্ষে মুকিদুল ইসলাম সর্বাধিক ৩টি এবং মাহমুদউল্লাহ ও মাহেদি হাসান ২টি করে উইকেট নেন।

মিরপুরে দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল গাজী গ্রুপ। আবাহনীর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদি হাসান রানার তোপে ১৯.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় দলটি।

সৌম্য সরকার ২৪ বলে ৩০, জাকির হাসান ২৫ বলে ২৭, মুমিনুল হক ১২ বলে ২৫ রান করেন। সাইফউদ্দিন সর্বাধিক ৪ উইকেট নেন। মেহেদি হাসান রানা নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত