সুইডেনের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন আস্থা ভোটে হেরে গেছেন। ৩৪৯ জন এমপির মধ্যে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮১ জন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৫১ জন এমপি। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়ছেন বলে জানিয়েছে বিবিসি।
সোশ্যাল ডেমোক্র্যাট নেতা লোফভেন পদত্যাগ বা আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন। ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে জোট সরকার থেকে বামপন্থি দল সমর্থন প্রত্যাহার করলে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা ভোট পাস হওয়ায় গ্রিন পার্টি নিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটদের সংখ্যালঘুদের জোট সরকারেরও পতন হলো। প্রধানমন্ত্রী যদি পদত্যাগের সিদ্ধান্ত নেন তাহলে পার্লামেন্টের স্পিকারকে নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করতে হবে।
