সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ২৮২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ৭৬ শতাংশ।
অপরদিকে, চলমান লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই সাধারণ মানুষের মাঝে। লকডাউনের মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজারগুলোতে মানুষের ভিড় লক্ষণীয়। এরই মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, সাধারণ মানুষ কিছুতেই স্বাস্থ্যবিধি মানছেন না। এমন পরিস্থিতিতে লকডাউন আরও জোরদার করতে হবে। তিনি এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
