টাঙ্গাইল জেলায় কয়েক দিন ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধের ঘোষণা করা হয়েছে। প্রথম দিন আজ জেলার দোকানপাট বন্ধ থাকলেও টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লা বাস।
মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যেও নতুন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
জানা যায়, আজ সকালে পৌর এলাকার নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়।
পরিবহন কর্মীরা জানান, বাস বন্ধ করার কোনো নির্দেশনা তারা পায়নি। তাই তারা গাড়ি চালাচ্ছেন।
এদিকে কঠোর বিধিনিষেধের কারণে শহরের মার্কেট ও বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। তবে শহর এলাকায় কিছু কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে।
এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গাড়ি বন্ধের কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে ব্যবস্থাপনা নেওয়া হবে।
