হংকংয়ের সবচেয়ে বড় গণতন্ত্রপন্থি পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধ ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতায় এই ঘটনা একটি বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। এর আগে ওই পত্রিকার এডিটর ইন চিফ এবং আরও চার নির্বাহী কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি। অ্যাপল ডেইলির মালিক মিডিয়া মোগল জিমি লাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে রাখা হয়েছে।
শুরু থেকেই হংকং এবং চীনের নেতৃত্বের সমালোচক হিসেবে পরিচিত অ্যাপল ডেইলি। জিমি লাই চীনে জন্মগ্রহণ করেছিলেন। শিশু অবস্থায় তাকে হংকংয়ে পাচার করা হয়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে কারাগারে রাখা হলেও তিনি ‘অর্থপূর্ণভাবে জীবন-যাপন করবেন’।
গত সপ্তাহে ওই পত্রিকার অফিসে তল্লাশি চালায় পুলিশ। ওই পত্রিকায় প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়। পরবর্তীকালে কোম্পানির ১৮ কোটি ডলার সম্পদ বাজেয়াপ্ত করা হয়।
গত বছর চীন হংকংয়ের বিতর্কিত এই আইন কার্যকর করে। এতে বিচ্ছিন্নতাবাদ ও সরকারের কর্র্তৃত্ব না মানাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই অপরাধে গত বছর থেকে এখন পর্যন্ত ডজনখানেক বিশিষ্ট সমাজকর্মীকে আটক করা হয়েছে।
