বৃষ্টি ও পরিবহন সমস্যা

মির্জাপুরে ভালো ফলনেও বিপাকে কাঁঠালচাষিরা

আপডেট : ২৪ জুন ২০২১, ০১:০৩ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে জমে উঠেছিল কাঁঠালের হাট। ভালো ফলনে দামও ভালোই পাচ্ছিলেন স্থানীয় চাষিরা। করোনার কারণে পরিবহন সমস্যা এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে বাজারজাতকরণে বিপাকে পড়েছেন কাঁঠালচাষিরা।

মির্জাপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন আজগানা, বাঁশতৈল ও তরফপুরে অনেক চাষি কাঁঠাল উৎপাদন করে থাকেন। চলতি মৌসুমে মির্জাপুর উপজেলায় প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে।

উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের মোকাম বাঁশতৈল বাজার। সরেজমিন বাঁশতৈল, খাটিয়ার বাজার ও হাঁটুভাঙ্গায় গিয়ে দেখা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চাষিরা তাদের উৎপাদিত কাঁঠাল বাজারে আনতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে করোনার কারণে মির্জাপুরের পার্শ্ববর্তী টাঙ্গাইল, কালিয়াকৈর ও সাটুরিয়ায় ‘লকডাউন’ চলছে। চাষিরা কষ্ট করে যে পরিমাণ কাঁঠাল বাজারে আনছেন তাও আবার পরিবহন সমস্যার কারণে পাইকাররা কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, খরার কারণে প্রথমদিকে কাঁঠালের উৎপাদন নিয়ে শঙ্কা থাকলেও পরে উৎপাদন ভালো হয়েছে। দামও ভালো ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও করোনায় পরিবহন সমস্যা দেখা দিয়েছে। সেজন্য কাঁঠালের দামও পড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত