পাওলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’ থেকে তৈরি হচ্ছে সিনেমা। মঙ্গলবার নীরবে টিজার প্রকাশ হলেও এই নিয়ে তেমন হইচই ছিল না।
এর পর বুধবার আসরে নেমেই নিজের মুগ্ধতার কথা জানালেন স্বয়ং লেখক। তবে প্রথমেই জানিয়ে রাখলেন, শুরুতে ছবির পক্ষে ছিলেন না তিনি।
পাওলো কোয়েলহো ছবির টিজার শেয়ার করে ফেইসবুক পেজে লেখেন, আমি পুরোপুরি এ ছবির বিপক্ষে ছিলাম। এখন সিনেমা টিমের অনুরাগ, ভালোবাসা ও দক্ষতা দেখে পুরোপুরি সমর্থন করছি।
মরোক্কোয় দৃশ্যায়ন হওয়া ‘অ্যালকেমিস্ট দ্য মুভি’র প্রযোজক হিসেবে আছেন বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। তিনি আগে থেকেই উপন্যাসটির ভীষণ ভক্ত। এক দফা সেই কথা জানালেন টিজারে। কথা বলেছেন পরিচালক কেভিন ফ্রাকেসও।
টিজারে নাটকীয়ভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় কলাকুশলীদের। সেখান থেকে জানা যায়, ছবির প্রধান চরিত্রে সান্তিয়াগো হচ্ছেন সেবাস্টিয়ান ডি সুজা। সঙ্গে ওঠে এসেছে নির্মাণের নানান কথা ও সেটের ছবি।
ভালোবাসা, আধ্যাত্মিকতা ও দর্শনের মেলবন্ধনে লেখা পাওলো কোয়েলহোর সবচেয়ে বিখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’ প্রথম প্রকাশ হয় ১৯৮৮ সালে। এরপর বিশ্বের ৮০টির বেশি ভাষায় অনূদিত হয়েছে, ছাপা হয়েছে লাখ লাখ কপি।
সান্তিয়াগো নামের এক কিশোরের অদ্ভুত এক অভিযানের গল্প এটি। যার পরতে পরতে রয়েছে গভীর আত্মানুসন্ধানের চিহ্ন। একপর্যায়ে গল্পটি শুধু সান্তিয়াগোর থাকেনি, হয়ে ওঠেছে বিশ্বের কোটি কোটি মানুষের কথা। এ বইয়ের নানান বাক্য প্রায়ই উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেন অনুরাগীরা।
