নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্যাংক লরির ধাক্কায় ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে এ ঘটনায় দুইজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে রাস্তা অবরোধ করেন কয়েকশ শ্রমিক।
বৃহস্পতিবার দুপুর ২টায় বন্দর উপজেলার কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ শ্রমিকের মধ্যে শফিকুল (২০)ও জাহিদকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শফিকুলকে আইসিইউতে রাখা হয়েছে। সাইফুল নামে অপর এক শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতরা বন্দরের কামতাল এলাকার টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
এদিকে লরির চাপায় অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে ২ জন শ্রমিক মারা গেছে এমন খবরে টোটাল ফ্যাশনের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে রোগীবাহী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী মাইক্রোবাস ও পণ্যবাহী কয়েক হাজার গাড়ি আটকা পড়ে আছে।
এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের গাড়িবহরও মহাসড়ক অবরোধের কারণে আটকা পড়ে। ঘটনার পর পরই বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, শিল্প ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে শ্রমিকদের অনুরোধ করেন। কিন্তু শ্রমিকেরা আহতদের ক্ষতিপূরণ ও গার্মেন্টসের পূর্ব দিকে একটি গেট খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় থাকেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
অ্যাম্বুলেন্স চালক কবির হোসেন জানান, তিনি চাঁদপুর থেকে রোগী নিয়ে ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন। রোগীর অবস্থা খুব খারাপ। কিন্তু রাস্তা অবরোধের কারণে হাসপাতালে যেতে পারছেন না।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, বৃহস্পতিবার বাসায় দুপুরের খাবার খেয়ে লাঙ্গলবন্দ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন ৫ শ্রমিক।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল এলাকায় চট্টগ্রামের দিক থেকে আসা একটি ট্যাংকলরি শ্রমিকবাহী অটোরিকশাটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আহত হন অটোরিকশায় থাকা ৫ শ্রমিক।
