এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৪ জুন ২০২১, ১১:২৬ পিএম

এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে সাবিনা-কৃষ্ণাদের সঙ্গী জর্ডান ও ইরান।

তবে সেপ্টেম্বরে দুটি ম্যাচই বাংলাদেশের মেয়েরা খেলবে নিজেদের মাঠে।

আগামী বছর জানুয়ারিতে ১২ দল নিয়ে ভারতে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে এ বছর বাছাই পর্বে ২৮টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পাবে ৮টি দল।

স্বাগতিক ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া ও তৃতীয় হওয়া চীন সরাসরি খেলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

বাংলাদেশ বাছাই পর্বের ম্যাচগুলো খেলবে সিলেট জেলা স্টেডিয়ামে। মেয়েদের ফুটবল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১৩৭ নম্বরে। যেখানে তাদের গ্রুপসঙ্গী জর্ডান ও ইরানের অবস্থান যথাক্রমে ৫৯ ও ৭৭ নম্বরে। অর্থাৎ গ্রুপসেরা হয়ে চূড়ান্ত পর্বে যেতে হলে কঠিন বাধাই পেরোতে হবে বাংলাদেশের মেয়েদের।

২০১৪ সালে সবশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে অংশ নেয়নি। সাত বছর আগে দেশের মাটিতে অভিজ্ঞতা মোটেও সুখের ছিল না দলের। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ।

এবার কঠিন গ্রুপে পড়লেও ভালো করতে আশাবাদী মেয়েদের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমরা গ্রুপে যে দুটি দল পেয়েছি, তারা আমাদের চেয়ে শক্তিশালী। তবে আমাদের এই দলটিও দীর্ঘদিন এক সঙ্গে আছে। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো এবং উন্নতিও করেছে। এখন আমাদেরকে এশিয়ান পর্যায়ে ভালো করতে হবে। আমরা ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত