প্রাদুর্ভাবের শঙ্কায় ইসরায়েলে আবার মাস্ক পরার নির্দেশনা

আপডেট : ২৫ জুন ২০২১, ০৪:২৭ পিএম

মাস্কের বাধ্যবাধকতা উঠিয়ে নেয়ার মাত্র দশ দিনের মাথায় আবার সেটি আরোপ করল ইসরায়েল।

বিবিসি জানিয়েছে, দৈনিক সংক্রমণ শতাধিক হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ মানুষ ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন।

করোনা প্রতিরোধের ক্ষেত্রে পৃথিবীর যেকটি দেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে, ইসরায়েল তাদের একটি। প্রায় অর্ধেক মানুষকে তারা টিকা দিয়ে ফেলেছে।

টিকার সরবরাহ বাড়ানোয় দেশটিতে সংক্রমণ শূন্যে নেমেছিল। তখন মাস্কের বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া হয়। এরপর আবার বাড়তে থাকে করোনা।

ইসরায়েল সরকারের এক মুখপাত্র স্থানীয় সরকারি রেডিওকে বলেছেন, ‘কয়েক দিনের মধ্যে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে। তাই আগেই সতর্ক হতে হবে আমাদের।’

২০১৯ সালের শেষ দিকে করোনা ছড়িয়ে পড়ার পর ইসরায়েলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। সেখান থেকে তিনটি কঠোর লকডাউনের মাধ্যমে ‘ম্যাজিকের মতো’ রোগটি নিয়ন্ত্রণ করেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত