করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২১, ০৬:১০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জনে।

গত ১৯ এপ্রিলের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সেদিন করোনায় মারা গিয়েছিল ১১২ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। গতকাল ৭২ দিনের মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৮১ জনের। আর গত পরশু মারা যায় ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৯৩ শতাংশ ও গত পরশু ছিল ২০ দশমিক ২৭ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত