কবরস্থানে সাইনবোর্ড টানানো নিয়ে সংঘর্ষ গ্রেপ্তার আরও ৩

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:১৮ এএম

চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি কবরস্থানে সাইনবোর্ড টানানো নিয়ে সংঘর্ষের ঘটনার ‘মূল হোতা’ মো. এয়াকুবসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক ওই কবরস্থান সবার জন্য উন্মুক্ত থাকলেও কিছুদিন যাবৎ দাফনের বিনিময়ে টাকা আদায় করছিল ওই এলাকার এয়াকুব ও তার সহযোগীরা। ‘টাকা না দেওয়ার কথা’ উল্লেখ করে জায়গার মালিকরা সাইনবোর্ড লাগাতে গেলেই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার বিজয় বসাক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জোরারগঞ্জ ও ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে এয়াকুব, দুই সহযোগী ওসমান আলী (৩৫) ও মাসুদ আলমকে (৩৬) গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।

বাকলিয়া থানার ওসি রুহুল আমীন বলেন, ‘এ পর্যন্ত এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে মূল হোতা এয়াকুবসহ অন্যরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এয়াকুব, ওসমান ও মাসুদকে গ্রেপ্তার করা হয় ২৪ জুন। তাদের স্বীকারোক্তিতে সংঘর্ষে ব্যবহৃত বিদেশি পিস্তলটি গত বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল লতিফ হাটখোলা চান্দগাজী সড়কের খালপাড় থেকে দুটি গুলি, ম্যাগাজিন, দুটি কিরিচসহ উদ্ধার করা হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (চকবাজার জোন) কামরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত