নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিল উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে চাটখিল উপজেলার বদলকোর্ট থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় সোহাগ মৃধা (২০) এবং আড়াইটার দিকে বেগমগঞ্জের চৌমুহনীর হকার্স মার্কেট থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো. হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করে পুলিশ।
চাটখিল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র পরীক্ষা করার নামে চাঁদাবাজি করে ওই যুবক। দুপুর পৌনে ১টার দিকে বদলকোর্ট সড়কের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। বেগমগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে হাবিব বেগমগঞ্জের চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের কয়েকটি দোকান লকডাউনে খোলা রাখার কারণে পুলিশের এসআই এবং কোনো কোনো দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
