লকডাউনে পর্যাপ্ত ত্রাণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:৫৩ এএম

সরকার ঘোষিত ‘লকডাউন’ বা ‘শাটডাউনকালে’ শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

গতকাল রবিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, সোহেল মৃধা, সাইফুল ইসলাম, শানু আক্তার ও কাজল দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ। করোনাকালে ‘লকডাউন’ বা ‘শাটডাউনের’ সময় শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হবে। ত্রাণ সহায়তা ছাড়া ‘লকডাউন’ বা ‘শাটডাউন’ পুরোপুরি কার্যকর হবে না বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, পেটে ক্ষুধা থাকলে মানুষ এমনিতেই রাস্তায় নেমে আসবে। এর আগে একই দাবিতে নগরের ফকিরবাড়ি রোডের বাসদ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত