স্পেন ও পোল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়েছে সুইডেন। আজ দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে গ্লাসগোতে সেই সুইডেন খেলবে ‘সি’ গ্রুপ থেকে তৃতীয়সেরা হয়ে আসা ইউক্রেনের সঙ্গে। ফর্ম বিবেচনায় ম্যাচে এগিয়ে সুইডিশরা। কিন্তু পরিসংখ্যানে এগিয়ে ইউক্রেন। তাই এ ম্যাচটিও উপভোগ্য হবে বলাই যায়।
সুইডেনের এমিল ফোর্সবার্গ আছেন দারুণ ফর্মে। গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন আরবি লাইপজিগের এই মিডফিল্ডার। ইউক্রেনের হয়ে ইয়ারমোলেঙ্কো এবং ইয়ারেমচুক করেছেন দুটি করে গোল। তাই আজকের ম্যাচে দু’দলের এই তিন তারকার ওপর বাড়তি নজর থাকবে সমর্থকদের।
