কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। তিনি হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন ও স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দেন।
গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এ দাবি জানান।
শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএনপি, জামায়াত, হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন। তারা বায়তুল মোকাররমকে প্ল্যাটফর্ম বানিয়েছে। এই হেফাজতে ইসলাম ছিল স্বাধীনতাবিরোধী নেজামে ইসলামী।
