মগবাজারের বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, আসামি ‘অজ্ঞাত’

আপডেট : ২৯ জুন ২০২১, ০১:৩৪ পিএম

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার রমনা থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, দণ্ডবিধির ৩০৪-ক ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ ওই বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। চিকিৎসাধীন আটজনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

বিস্ফোরণে পাশের তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাঁচ ভেঙে গেছে। দুমড়ে-মুচড়ে যায় রাস্তায় থাকা তিনটি বাস।

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। ‘জমে থাকা’ গ্যাস থেকে এমনটি হতে পারে ধারণা করা হলেও বিস্ফোরণের ভয়াবহতার কারণে এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত