ইংল্যান্ড সফরে বায়ো-বাবল বা সুরক্ষা-বলয় ভাঙায় তিন ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে দেশে ফেরত আনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা হলেন- কুশল মেন্ডিস, দানুষ্কা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলা।
এরই মধ্যে আসছে ভারত সিরিজেও তাদের সুযোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা নিষিদ্ধ থাকবেন সব ধরনেই ক্রিকেটেই।
এদিকে দেশটির সংবাদমাধ্যমে খবর, এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন সুরক্ষা-বলয় ভাঙা এই তিন ক্রিকেটার।
করোনা নিরাপত্তা নিয়ে আপস করতে চায় না শ্রীলঙ্কান বোর্ড। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও পুরো দলকে ঝুঁকিতে ফেলায় তিন তারকাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে সংস্থাটি।
নিষিদ্ধ হওয়ার পর মঙ্গলবারই ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফিরেছেন মেন্ডিসরা। দেশে ফেরা মাত্রই তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন থেকে বেরোলে বোর্ডের প্রশ্নের মুখে পড়তে হবে তিন ক্রিকেটারকে। তার পরই তাদের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘যদি একাধিকবার বায়ো-বাবল ভাঙার অভিযোগ প্রমাণিত হয়, তবে তিন ক্রিকেটারকে অন্ততপক্ষে এক বছর নির্বাসিত করা হতে পারে।’
আর সেটা হলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন এই তিন ক্রিকেটার।
উল্লেখ্য, রবিবার গভীর রাত থেকেই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, রাতে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল মেন্ডিস এবং নিরোশান ডিকভেলা ডারহ্যামের রাস্তায় বসে রয়েছেন। ভিডিওতে দুই ক্রিকেটারকে দেখা গেলেও, তদন্তে জানা যায়, তাদের সঙ্গে গুনাথিলাকাও ছিলেন।
