চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলকায় যাত্রী পরিবহনের দায়ে একটি সরকারি অ্যাম্বুলেন্স আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করেন।
পুলিশ সূত্র জানায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সকালে মেডিক্যাল স্টাফ নিয়ে চট্টগ্রাম শহরে যায়। স্টাফদের নামিয়ে আসার সময় চালক অ্যাম্বুলেন্সে কয়েকজন যাত্রী ওঠান। পরে মইজ্জ্যারটেক এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে যাত্রীদের নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ।
কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, যাত্রী পরিবহনের দায়ে আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করে। এটি হাসপাতালের গাড়ি হওয়ায় রোগীদের কথা চিন্তা করে গাড়িটি অন্য চালকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। তবে চালকের ড্রাইভিং লাইসেন্সসহ সবকিছু ঠিক আছে কিনা তা যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
