শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ১৮ বছরের এক তরুণী। গতকাল বৃহস্পতিবার সকালে অনশন শুরুর পর থেকে পলাতক প্রেমিক সাগর সরদার (২২)। উপজেলার ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামে ঘটেছে এ ঘটনা। ওই তরুণী একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বাহেরচর গ্রামের মিজান সরদারের ছেলে গার্মেন্টসশ্রমিক সাগরের সঙ্গে এই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর বাড়ির একটি কক্ষে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তরুণীর বাবা ও এলাকাবাসী। পরে সালিশে সাগর জানায়, দেড় মাস আগে তাদের বিয়ে হয়েছে। কিন্তু প্রমাণ নেই। পরদিন বুধবার আনুষ্ঠানিকভাবে ওই তরুণীকে বিয়ে করার শর্তে প্রেমিক সাগরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপর থেকে সে পলাতক।
ওই তরুণী বলেন, ‘মঙ্গলবারের ঘটনার পর এলাকাবাসী সবাই জানে সাগর আমার স্বামী। তাই স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে এসেছি।
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিচ্ছি।
