গ্রামবাসীর ধাওয়া খেয়ে মারা গেল সীমান্ত পেরিয়ে আসা ছোট্ট নীলগাইটি

আপডেট : ০২ জুলাই ২০২১, ০৫:৪২ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সীমান্ত পার হয়ে আসা একটি নীলগাই গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ছোট্ট একটি মাদা নীলগাই (পুরুষ) সীমান্ত ঘেঁষা নাগর নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর পর ছোটাছুটি। স্থানীয়রা নাীলগাইটি ধরতে ধাওয়া করে। সেই ধাওয়া খেয়ে পালাতে গিয়ে আকস্মিকভাবে সেটি মাটিতে পড়ে যায়। পরে নীলগাইটি মারা যায়।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তার বস্তি এলাকায়।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ছোট নীলগাইটি সম্ভবত ভারত থেকে এসেছে। এর পর স্থানীয়রা গাইটি ধরতে যায়। ধাওয়া খেয়ে নীলগাইটি স্ট্রোক করে মারা যায় বলে ধারণা করছি। এ ধরনের প্রাণীর হার্ট খুবই দুর্বল বলে মন্তব্য করেন বনবিভাগের এই রেঞ্জ কর্মকর্তা। 

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম জানান, নীল গাইটি বাংলাদেশে প্রবেশ করার পর জগদল ও শাহানাবাদ এলাকার ১০/১২ বাসিন্দারা ধাওয়া দেয়। ভয়ে প্রাণীটি মুক্তার বস্তি এলাকায় আসে। সেখানে হামিদুর রহমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে ঘরে প্রবেশ করে। এর পর টিনের আঘাতে গাইটির পা কিছুটা কেটে যায় এবং অচেতন হয়ে মাটিতে পড়ে যায়।

তিনি বলেন, স্থানীয় পশু চিকিৎসক নীলগাইটির প্রাথমিক চিকিৎসা দিলেও আর বাঁচাতে পারেনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রিতম সাহা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভারতীয় নীল গাইটি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন। উপজেলা প্রাণী সম্পদ ও বন বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত