টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫জন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় চিকিৎসাধীন অবস্থায় নারীসহ ২ জনের মৃত্যু হয়।
আহত ৫ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।’
