কালিহাতীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সড়কের গাছ কাটার অভিযোগ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:৩২ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদারের বিরুদ্ধে সড়কের ৩০টি গাছ কাটার অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছগুলোর বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। প্রায় ৩০ বছর আগে সামাজিক বনায়নের আওতায় কয়েকজন কৃষক সুবিধাভোগী হিসেবে গাছগুলো রোপণ করেন।

জানা যায়, প্রায় ৩০ বছর আগে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রয়াত এম হোসেন আলীর উদ্যোগে সামাজিক বনায়নের জন্য কয়েকজন সুবিধাভোগী কৃষক পারখী, আমজানী, মাইজবাড়ী ও বর্গাবাজার সেতু পর্যন্ত দেড় কিমি সড়কের দুই পাশে গাছ রোপণ করেন। সামাজিক বনায়নের আওতায় অংশীদারত্বের চুক্তিমূলে সড়কের দুই পাশে মেহগনি, আকাশমনি ও ইউক্লিপ্টাসগাছ লাগানো হয়। রাস্তার দুই পাশের জমির মালিকরা গাছগুলোর রক্ষণাবেক্ষণ করতে থাকেন। সম্প্রতি ৩০টি গাছ চেয়ারম্যান কেটে নেওয়ায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে ওই সব কৃষকদের মাঝে। এ বিষয়ে আজিজুর রহমান নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন।

আরও জানা যায়, পারখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাৎ করছেন। এ ছাড়া সামাজিক বনায়নের অংশীদার রাস্তার পাশের জমির মালিক ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত গরিব মানুষদের ক্ষতিগ্রস্ত করছেন।

স্থানীয় কৃষক মুসলিম উদ্দিন বলেন, গাছগুলোর ডালপালা ইতিমধ্যেই বিক্রি করা হয়েছে। এ ছাড়া গাছগুলো চেরাই করার জন্য পারখী বাজারসংলগ্ন এমদাদের স মিলে রাখা আছে।

এ বিষয়ে পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদের ঘর নির্মাণকাজের জন্য ১৬-১৭টি গাছ কাটা হয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। লকডাউন চলায় খবর নিতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত