মডার্নার ৪০ লাখ ডোজ ভ্যাকসিন ইন্দোনেশিয়ায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে লকডাউন দিতে বাধ্য হয়েছে কর্র্তৃপক্ষ। গতকাল থেকেই লকডাউন কার্যকর হয়েছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় যত দ্রুত সম্ভব ভ্যাকসিন পাঠানো হচ্ছে। এই ভ্যাকসিন ইন্দোনেশিয়ায় করোনার বিরুদ্ধে জনগণকে সহায়তার জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ হাজার ৮৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ৫৩৯ জন। গত ফেব্রুয়ারিতে জাকার্তায় অ্যাকটিভ কেস ছিল ২৭ হাজার। তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৮ হাজারে।
