সৌদি আরব, আফ্রিকা ও ওমানে বাঁশখালীর ৩ প্রবাসীর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১১:২৮ পিএম

সৌদি আরব, আফ্রিকায় ও ওমানে পৃথক ঘটনায় বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর ৩ জন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুবরণকারী প্রবাসীদের স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এবং শনিবার তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া প্রবাসীরা হলেন- বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার মিয়ার বাড়ির মো. আলী হোছেনের ছেলে মো. শহিদ উল্লাহ (৪২); ছনুয়া ইউনিয়নের মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৭); গন্ডামারা ইউনিয়নের রুহুল আমিন তালুকদার বাড়ির বাসিন্দা মাওলানা ফোরকান তালুকদার (৫৪)।

জানা যায়, শনিবার সৌদি আরব সময় সকাল সাড়ে ৬ টার দিকে রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. শহিদ উল্লাহর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানিয়েছেন, 'আমার বড় ভাই শহিদ উল্লাহ রিয়াদ শহরে নির্মাণকাজের একজন ফোরম্যান। প্রতিদিনের মতো নিজের প্রাইভেট কারে করে কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে রাস্তার মধ্যে তার গাড়ির সাথে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন। শহিদ উল্লাহর সংসারে স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে রয়েছে।

শুক্রবার মোজাম্বিক সময় সকাল দশটায় মোজাম্বিকের নামপুলা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মোহাম্মদ নাজিম উদ্দিনের মৃত্যু হয়। তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে অসুস্থ হয়েছিলেন। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের ক্যাব দেলগাদো প্রদেশের বালামা সিটি এলাকায় তার মুদির দোকানের ব্যবসা ছিল। প্রায় দুই বছর পূর্বে তিনি মোজাম্বিকে পাড়ি জমান। তিনি তিন মেয়ে এক ছেলের জনক।

মোজাম্বিক প্রবাসী মুজিবুর রহমান বলেন, কিছুদিন পূর্বে নাজিম উদ্দিন স্ট্রোক করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হয়ে যান। মোজাম্বিকের স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে নিজাম উদ্দিন বাংলাদেশে চলে আসার জন্য সিদ্ধান্ত নেন। বিমানের টিকিটও করে ফেলেন। কিন্তু ফ্লাইটের দিন শারীরিক অবস্থা বিবেচনা করে মোজাম্বিকের বিমান কর্তৃপক্ষ তার ফ্লাইট বাতিল করেন। পরে তাকে নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শুক্রবার মোজাম্বিকের সময় সকাল দশটায় তিনি হাসপাতালে মারা যান।

অপরদিকে ওমানে অসুস্থ হয়ে মাওলানা ফোরকান তালুকদার নামে আরও এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ওমানে ব্যবসা করে আসছিলেন বলে জানা যায়।  

এদিকে পৃথক সময়ে বাঁশখালীর ৩ প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। লকডাউন ও করোনার কারণে তাদের লাশ দেশে আনা যাবে কিনা তা নিশ্চিত করতে পারেনি নিহতের কোন স্বজন!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত