‘করোনার উপসর্গ’ নিয়ে ১২ পোশাক শ্রমিক হাসপাতালে

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:০৩ এএম

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ‘করোনার উপসর্গ’ নিয়ে ১২ শ্রমিককে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে ডংলিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকরা হলো, মাহফুজুল (২৭), আরিফ হোসেন (৩০), মোশারফ হোসেন (২৭), সৌরভ (২৫), আরিফা (২৫), মোছাঃ বেবী (২৫), আলেয়া (৩০), রিনা আক্তার (২৭), শ্যামলী (২৭) ও সার্জেন্ট (অব.) ইসমাইল (৬০)। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানায়, শনিবার সকালে কর্মস্থলে যোগ দিয়ে ওয়াশ রুমে যাওয়ার পর একজন অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর বমি ও মাথাব্যথার উপসর্গ নিয়ে একইভাবে আরও ১১ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে গেলে তাদেরও উদ্ধার করে নিকটস্থ হাবিব জেনারেল হাসপাতাল ও স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানার ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে ১৫০ শ্রমিক কর্মস্থলে যোগ দেয়। এর কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক বমি ও মাথাব্যথার উপসর্গ নিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এসময় কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কারখানাটি এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, এর আগেও সাভার ও আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকরা অসুস্থ হওয়ার খবর পেয়েছি। শনিবার ডংলিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড কারখানায়ও শ্রমিক অসুস্থের ঘটনা ঘটেছে। তাই কী কারণে এ ঘটনাগুলো ঘটছে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন,  এ ঘটনায় অসুস্থ শ্রমিকদের করোনা পরীক্ষা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত