চলমান করোনার কঠোর বিধিনিষেধের মাঝে চার দিন বন্ধ থাকার পর সীমিত সময়ের জন্য খুলেছে ব্যাংক। সকালে রাজধানীর প্রতিটি ব্যাংকের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, টাকা উত্তোলন ও প্রয়োজনীয় কাজ সারতে অনেকটা গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন সেবা গ্রাহিতারা। গ্রাহকের দীর্ঘ সারি ফুটপাথ পেরিয়ে পাকা সড়কে গিয়ে ঠেকেছে।
অনেকে দাঁড়িয়ে আছেন আরেকজনের গা ঘেঁষে। মানা হচ্ছে না করোনার স্বাস্থ্যবিধি। অনেককেই দেখা যায় মাস্ক পরেননি।
কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
করোনার বিস্তার রোধে গত ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।
এর মাঝে ১ জুলাই ছিল ব্যাংক হলিডে, পরের দুদিন ছিল সাপ্তাহিক বন্ধ।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
