করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল মজিদ ছৈয়াল (৭০)। তিনি সদর পৌরসভার কাশাভোগ গ্রামের বাসিন্দা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুনীর আহমেদ খান বলেন, করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল ৭টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন মজিদ ছৈয়াল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। গত দশদিন যাবত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
তার করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদন পাওয়া গেলে বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে স্বজনদের। তার করোনা পজিটিভ হলে যারা সংস্পর্শে আসছে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত।
