টাঙ্গাইলের সখীপুরে নিজের চুরি যাওয়া স্মার্টফোনের খোঁজ করতে গিয়ে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। গত সোমবার থেকে ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান রাব্বী (১৬)। সে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। রাব্বী উপজেলার কাহারতা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় গত বুধবার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দরানিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজ্জাত হোসেন (২৮) সখীপুরে শোলাপ্রতিমা এলাকায় মামা আবুল কালাম আজাদের বাড়িতে বেড়াতে যান। নিখোঁজ রাব্বী সম্পর্কে সাজ্জাতের আপন মামাতো ভাই। সাজ্জাত ওইদিন দুপুরে হঠাৎ কাউকে কিছু না বলে চলে যান। চলে যাওয়ার কিছুক্ষণ পর মামা বাড়ির লোকজন দেখেন, সাজ্জাত ওই বাড়ি থেকে রাব্বীর স্মার্টফোন এবং আলমারি ভেঙে পাঁচ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছেন। পরদিন রাব্বী বাড়ির পাশের একটি দোকান থেকে তার চুরি যাওয়া মুঠোফোনে কল করলে সাজ্জাত ফোন ধরে রাব্বীকে তাদের বাড়ি মির্জাপুর এসে ফোনটি নিয়ে যেতে বলেন। পরে রাব্বী ওই ফোন আনতে গিয়ে নিখোঁজ হন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, রাব্বী নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। তার বাবার করা অপহরণের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। রাব্বীকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে তার মুঠোফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। ওই ফোন উদ্ধার করতে পারলে প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
