করোনাভাইরাসে আক্রান্ত শাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিট। বাসাবাড়িতে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে রেড ক্রিসেন্ট সোসাইটির হটলাইনে ফোন দিলেই স্বেচ্ছাসেবকরা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে অক্সিজেন সিলিন্ডার। এ সেবা দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।
গতকাল সোমবার দুপুরে নড়াইল চৌরাস্তায় রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ কাজী ইসমাইল হোসেন লিটন, সঞ্জীব কুমার বসু প্রমুখ।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
