সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা হতে মঙ্গলবার সাকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
একই সময়ে ১২২১টি নমুনা পরীক্ষায় ৪৩২ জন সংক্রমিত রোগী শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব।
জেলায় অব্যাহত মৃত্যুর সংখ্যাধিক্যের কারণ হিসেবে অক্সিজেন সংকটের অভিযোগ ভর্তি রোগীর স্বজনদের।
অধিক সংখ্যক সংক্রমণেই মৃত্যুর হারকে ঊর্ধ্বগামী করে তুলেছে বলে দাবি কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলামের।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, মৃত্যু হওয়া সব রোগীর ক্ষেত্রেই অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে তাদের মৃত্যু হচ্ছে।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৩৫ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে ১৩ জনের এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ২জনের। এর মধ্যদিয়ে জেলা মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭৭ জনে।
জেলায় চলমান লকডাউন বাস্তবায়নে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে।
