জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে তামিম ইকবালকে পাওয়া নিয়ে ম্যাচের আগের দিনও অনিশ্চয়তায় বাংলাদেশ দল।
বুধবার শুরু হচ্ছে মাঠের লড়াই। তার আগে মঙ্গলবার প্রাক ম্যাচ প্রেস কনফারেন্সে অধিনায়ক মুমিনুল হক জানালেন, বাঁহাতি ওপেনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল।
মুমিনুল বলেন, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখব। আজকে অনুশীলন আছে, কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
তামিমের চোট হাঁটুতে। যে কারণে গত মাসে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগে খেলেননি তিনি। চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে যান তিনি। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করেননি। পরে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন।
চোট নিয়ে জিম্বাবুয়ে যান আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি চোটমুক্ত হয়েই মাঠে নামতে যাচ্ছেন। দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে খেলানোর ব্যাপারেও ইতিবাচক অধিনায়ক মুমিনুল।
বলছিলেন, ‘রিয়াদ ভাইয়ের ব্যাপারে… টিম ম্যানেজমেন্ট এখনো উইকেট দেখতে পারেনি। দেখার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদী আছি তার ব্যাপারে।’
