আবারো আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:৫০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে রশিদ খানকে অধিনায়ক হিসেবে বেছে নিল আফগানিস্তান। এই ফরম্যাটে দলটির ডেপুটি হিসেবে থাকছেন নাজিবুল্লাহ জাদরান।

রশিদ এর আগেও আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন। ২০১৯ বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই নেতৃত্বের ভার তার কাঁধে তুলে দেওয়া হয়।

পরে অবশ্য রশিদকে সরিয়ে তিন ফরম্যাটেই অধিনায়ক করা আসগর আফগানকে। ২০১৯ বিশ্বকাপের আগে যিনি তিন ফরম্যাটেই দেশের অধিনায়ক ছিলেন।

গত মে মাসে আবারো আসগর আফগানকে তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদিকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেয় তারা। কিন্তু সে সময় টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেনি আফগান বোর্ড।

মঙ্গলবার এক বিবৃতিতে রশিদকে অধিনায়ক করার কথা জানায় সংস্থাটি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত তাদের।

ক’দিন আগে রশিদ যদিও বলেছিলেন তিনি অধিনায়কত্ব করার চেয়ে সাধারণ খেলোয়াড় হিসেবেই থাকতে চান। তবে নতুন দায়িত্ব পেয়ে টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি, ‘আমি খুব বেশি বিশ্বাস করি, একজন অধিনায়ক ঠিক ততটা ভালো, যতটা তার টিম ভালো হয়। আফগানিস্তানের জন্য আমি রশিদ খান হয়েছি। আর এখন নিজের দেশ এবং টিমের জন্য কিছু করাটা আমার দায়িত্বের মধ্য পড়ে।’

আরো লিখেন, ‘আমার উপর বিশ্বাস আর ভরসা রাখার জন্য এসিবি অফিশিয়ালদের ধন্যবাদ। এটা একটা স্বপ্নের সফর হতে চলেছে এবং সমর্থকেরা এই সাফল্য পাওয়ার চাবিকাঠি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত