শহরের সব উন্নয়নমূলক কাজে সিটি করপোরেশন হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘এটা সত্য যে উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে সংশ্লিষ্টদের কোনো সমন্বয় নেই। তবে এখন থেকে এটি আর হবে না। শহরের সব উন্নয়নমূলক কাজে সিটি করপোরেশন হস্তক্ষেপ করবে। যেমনটা আমরা মেট্রোরেলের ক্ষেত্রে বলে এসেছি।’
গতকাল বুধবার বিমানবন্দরের সামনের সড়ক পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘উন্নয়ন হলে সুবিধা হবে। কিন্তু দুর্ভোগের জন্য মেয়ররা গালি খাবে, সেটা হবে না। ট্রেনে করে মানুষ আসবে, কিন্তু মানুষ নামার পর চারদিকে কীভাবে যাবে, সেই পরিকল্পনা নেই। এমনটা হতে দেওয়া যাবে না।’ এ সময় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমসহ মাস র্যাপিড ট্রানজিট, বাস র্যাপিড ট্রানজিটের প্রকল্প পরিচালক এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘এখানে (বিমানবন্দর সড়ক) জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। তাই আমি এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এখানে সরেজমিনে দেখতে এসেছি।
