কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলো ছাত্রলীগ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৬:১১ পিএম

কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সাড়ে ৪শত বালুর বস্তা ফেলে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরাই বালুর বস্তা ফেলে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করে দেন।

কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে, বাইপাস সড়কটি বৃষ্টি ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে নবগঠিত ছাত্রলীগ উদ্যোগী হয়ে সড়কটি মেরামতের কাজ করে।

এখন পাঁচগাছী, যাত্রাপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ জেলা সদরের সাথে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি মো. রাজু আহমেদ জানান, মানুষের দুর্ভোগ কমাতে জেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে বালুর বস্তা ফেলে নির্মাণাধীন ব্রিজের পাশের বাইপাস সড়কটি মেরামত করে দেয়া হয়েছ। এতে লক্ষাধিক মানুষের চলাচলের দুর্ভোগ কমেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, পানি বৃদ্ধি পেয়ে যদি সড়কটি ডুবে যায়, তখন ড্রাম দিয়ে ভাসমান ব্রিজ বানিয়ে করে দেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত