'বর্তমানে আমরা করোনা মহামারীর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনীকে আমরা পরাজিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ দুর্যোগও মোকাবেলা করতে পারব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।'
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন।
আইজিপি বলেন, মানুষের জীবন এবং জীবিকা দুটিই যেন সচল থাকে এজন্য অহর্নিশ কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকেও অসহায়দের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ঢাকা শহরে প্রায় ৪০ লাখ পরিবার বসবাস করে। প্রত্যেক পরিবার থেকে যদি এক প্লেট করেও খাবার দেওয়া হয় তাহলে ৪০ লাখ মানুষ খাবার পাবে। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলো আমাদেরই কমিউনিটির অংশ। তাদের নিয়েই বাঁঁচতে হবে।
চলমান মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না।
তিনি প্রশ্ন রেখে বলেন, এই মৃত্যুর মিছিল আমরা কি আরও প্রলম্বিত করব? এ সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ দেশের সব পর্যায়ের ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তি, যারা সরকারি উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁঁড়িয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা বাঁচতে পারব।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, করোনাকালে সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমরা সবাই ভালো থাকব। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, দোকান মালিক সমিতি এক হাজার লোকের দায়িত্ব নিয়েছে। এভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিশ্ব এখন বিপদের মুখে। বাংলাদেশও এর বাইরে নয়। এ যুদ্ধে ধৈর্য ধরে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
দোকান মালিক সমিতি এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার, নগদ অর্থ, মাস্ক ও সাবান বিতরণ করেছে।
