ঢাকা জেলার হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবার সংবাদ সংগ্রহে ‘বিধিনিষেধ’

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৩:৫৫ পিএম

ঢাকা জেলাধীন সরকারি হাসপাতালের রোগীর সেবা সম্পর্কিত ও স্বাস্থ্যবিষয়ক কর্মকাণ্ড নিয়ে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে গণমাধ্যমে কথা বলতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার নিতে সাংবাদিকদের বারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়।

ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ করে এতে বলা হয়, বিরাজমান কভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

একইসঙ্গে গণমাধ্যম কর্মীদের রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে দাবি করা হয়, হাসপাতালে গিয়ে রোগীর ছবি তোলা ও ভিডিও করা রোগীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাই এ সংক্রান্ত কোনো তথ্য-উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকা জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত